ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের নামে রেড নোটিশ জারির আবেদন জানিয়ে ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। দেশের বাইরে অবস্থানরত এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে পৃথক তিন দফায় এ আবেদন করা হয়েছে বলে জানা গেছে।


রেড নোটিশ জারির আবেদনের তালিকায় শেখ হাসিনা ছাড়াও নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর জানান, আদালত, প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থার আহ্বানে, এই আবেদন করা হয়েছে।


রেড নোটিশ জারির বিষয়টি এখন ইন্টারপোলে প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই মুখপাত্র।শেখ হাসিনা ও বেনজীর আহমেদ ছাড়া অন্য ১০ জনের বিষয়ে গত ১০ এপ্রিল এনসিবি আবেদন জমা দেয় ইন্টারপোলের কাছে। এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশের জন্য প্রয়োজনীয় নথি ও সুপারিশ পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে।


শেখ হাসিনার বিষয়ে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয় ২০২৪ সালের নভেম্বর মাসে। অন্যদিকে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্টারপোলে আবেদন করা হয়। এর আগে ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য নির্দেশনা দেন।


ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ভারতসহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় ফেরত আনার উদ্যোগও নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই প্রক্রিয়া জটিল ও দীর্ঘসূত্রতা সাপেক্ষ—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑